বড়লেখায় নিসচার দোয়া ও কোরআন বিতরণ
জাতীয় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের আশু রোগমুক্তি এবং তাঁর সহধর্মিণী মরহুমা জাহানারা কাঞ্চনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারের বড়লেখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে হিফজ বিভাগের শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন মাজিদ ও নগদ অর্থ বিতরণ করেছে নিসচা বড়লেখা উপজেলা শাখা।
শনিবার রাতে বড়লেখা পৌর শহরের জামেয়া মাদানিয়া মাদ্রাসা মিলনায়তনে এ দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
নিসচা বড়লেখা উপজেলা শাখার সহ-সভাপতি গোলাম কিবরিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আইনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুফতি রুহুল আমিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের প্রকাশনা সম্পাদক আশফাক আহমদ। এছাড়া বিশেষ অতিথির বক্তব্য দেন নিসচা বড়লেখা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, মাওলানা ইয়াহইয়া আহমেদ ও মাওলানা শাহিদুর রহমান।
দোয়া মাহফিলে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি সড়ক দুর্ঘটনায় নিহত জাহানারা কাঞ্চনসহ দেশের সকল সড়ক দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। এছাড়া নিসচা বড়লেখা শাখার প্রকাশনা সম্পাদক আশফাক আহমদের সদ্যপ্রয়াত পিতা আব্দুল আজিজ, দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক আব্দুল হামিদের নবজাতক পুত্র আব্দুল হাদি ও কার্যনির্বাহী সদস্য যুক্তরাজ্যপ্রবাসী আসাদ উদ্দিনের মাতা সুফিয়া বেগমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
বক্তারা বলেন, ১৯৯৩ সালের ২২ অক্টোবর বান্দরবানে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের কাছে যাওয়ার পথে চট্টগ্রামের চন্দনাইশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তাঁর স্ত্রী জাহানারা কাঞ্চন। প্রিয়তমা স্ত্রীর সেই অকাল মৃত্যুকে শক্তিতে রূপান্তর করে নিরাপদ সড়কের দাবিতে নিজের জীবন উৎসর্গ করেন ইলিয়াস কাঞ্চন। দীর্ঘ তিন দশক ধরে তিনি ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে অনন্য ভূমিকা রেখে চলেছেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিসচা বড়লেখার উপদেষ্টা সুলতান আহমদ খলিল, পৃষ্ঠপোষক নিজাম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক রেদওয়ান আহমদ, সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিন, দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক আব্দুল হামিদ, সহ-দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক নূরে আলম মোহন, দপ্তর সম্পাদক শাহাব উদ্দিন, কার্যনির্বাহী সদস্য মোস্তফা উদ্দিন, শাকিল আহমদ, ফরহাদ আহমদ, ফুজায়েল আহমদ, নাজিম উদ্দীন প্রমুখ। আলোচনা সভা শেষে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরিফ ও উপহারস্বরূপ নগদ অর্থ তুলে দেন অতিথিবৃন্দ।
