‘ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড’ পেলেন আতাউর রহমান কাওছার
সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক ‘ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন সাংবাদিক আতাউর রহমান কাওছার। শনিবার (২৪ অক্টোবর) সিলেট বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
আতাউর রহমান কাওছার বর্তমানে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাহিত্য ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি জাতীয় ও স্থানীয় বিভিন্ন প্রিন্ট পত্রিকা এবং অনলাইন নিউজ পোর্টালে নিষ্ঠার সাথে সাংবাদিকতা করে আসছেন।
ড. মুমিনুল হক একাডেমি, সিলেটের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে অতিথিরা তাঁর হাতে এই পুরস্কার তুলে দেন। সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বাংলা বিভাগের অধ্যাপক ড. আশরাফুল ইসলাম, বিশিষ্ট কথাসাহিত্যিক ও কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ (কেমুসাস) সিলেটের সাধারণ সম্পাদক সেলিম আওয়াল এবং লোকসংস্কৃতি গবেষক আবু সালেহ আহমদসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, ড. মুমিনুল হক একাডেমি প্রতিবছর সাহিত্য, সাংবাদিকতা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সিলেট অঞ্চলের গুণী ব্যক্তিত্বদের এ সম্মাননা প্রদান করে আসছে।
এদিকে আতাউর রহমান কাওছার এ সম্মাননায় ভূষিত হওয়ায় ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক মহল ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। এক প্রতিক্রিয়ায় কাওছার আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী দিনেও সত্যনিষ্ঠ, দায়িত্বশীল ও জনকল্যাণমুখী সাংবাদিকতা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
