জগন্নাথপুরে ব্যবসায়ী নাজিম হত্যা: কুলাউড়া থেকে প্রধান আসামি গ্রেফতার
সুনামগঞ্জের জগন্নাথপুরে বোনের বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে বিরোধের জেরে ব্যবসায়ী নাজিম উদ্দিনকে (৪৮) কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় মামলার প্রধান আসামি মাছুম মিয়াকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজারের কুলাউড়া থানা এলাকায় অভিযান চালিয়ে শনিবার ভোরে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাছুম মিয়া জগন্নাথপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের লুদরপুর গ্রামের মৃত মাসুক মিয়ার ছেলে। শনিবার দুপুরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর লুদরপুর লম্বা আটি গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে ব্যবসায়ী নাজিম উদ্দিনের বোন মরিয়ম বেগমের বিয়ে অনুষ্ঠিত হয়। বিয়ের আগে নাজিম নিজে সরাসরি না গিয়ে বোনদের মাধ্যমে প্রতিবেশী চাচাতো ভাইদের বিয়ের দাওয়াত পাঠান। সরাসরি দাওয়াত না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে অভিযুক্তরা বিয়েতে অংশ নেওয়া থেকে বিরত থাকেন।
এরই জেরে পরদিন সকালে অভিযুক্তরা নাজিম উদ্দিনের পরিবারের সদস্যদের বসতঘরে তালাবদ্ধ করে রাখে। ওই সময় নাজিম তার মুদি দোকানে অবস্থান করছিলেন। একপর্যায়ে মাছুম, মামুন ও মঞ্জুসহ ১০-১২ জনের একটি দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে দোকানে গিয়ে নাজিমের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে আঘাতের পর তাকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রী সুমি বেগম বাদী হয়ে ২০ অক্টোবর জগন্নাথপুর থানায় একটি হত্যা মামলা (মামলা নং-১০, জিআর নং-১৭৯) দায়ের করেন। মামলার পর থেকে আসামিরা আত্মগোপনে চলে যায়। তথ্যপ্রযুক্তির সহায়তায় জগন্নাথপুর থানা পুলিশ কুলাউড়া এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান এজাহারভুক্ত আসামি মাছুম মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নুর হোসেন জানান, গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।
