সিলেটে অসামাজিক কার্যকলাপের দায়ে ‘হোটেল উত্তরা’ সিলগালা
সিলেট নগরীর বিভিন্ন আবাসিক হোটেলে অনৈতিক ও অসামাজিক কার্যকলাপ বন্ধে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। এরই অংশ হিসেবে বন্দরবাজার এলাকার ‘হোটেল উত্তরা’ (আবাসিক) সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে সিলগালা করে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) এসব অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা গেছে, নগরীর কিছু আবাসিক হোটেলে দীর্ঘদিন ধরে অনৈতিক কার্যকলাপ চলে আসছিল—এমন গোপন তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়। অভিযানে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার প্রমাণ মেলায় বন্দরবাজারের উত্তরা আবাসিক হোটেলটি সিলগালা করা হয়। তবে এ সময় কাউকে আটক করা হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
উল্লেখ্য, এর আগে জুন মাসেও অসামাজিক কার্যকলাপের দায়ে নগরীর তালতলা এলাকার ‘রহমানিয়া বোর্ডিং’ ও ‘ছাদী গেস্ট হাউস’ নামের দুটি আবাসিক প্রতিষ্ঠান সিলগালা করেছিল প্রশাসন।

