দোয়ারাবাজার সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৩, পলাতক ২
সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে অভিযান চালিয়ে এক মানব পাচারকারীসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারী চক্রের অপর দুই সদস্য পালিয়ে যায়।
সোমবার (২১ অক্টোবর) রাতে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের আরমানছড়া সীমান্ত এলাকা থেকে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর বাঁশতলা বিওপির একটি টহল দল তাঁদের আটক করে।
আটক মানব পাচারকারী হলেন—দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ইসলামপুর গ্রামের জহির মিয়ার ছেলে মো. আমির (২২)। অন্যদিকে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টাকালে আটক অপর দুজন হলেন—যশোরের ঝিকরগাছা উপজেলার লিংকন নগর গ্রামের মো. আবুল হোসেন (৪২) এবং শার্শা উপজেলার বেনাপোল এলাকার ফাতেমা (১৮)।
বিজিবি জানায়, অভিযানকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান পাচারকারী চক্রের সদস্য দোয়ারাবাজারের চৌধুরীপাড়া গ্রামের মো. আলাউদ্দিন (৫৪) ও তাঁর ছেলে মো. অনিক মিয়া (২৪)।
বিজিবি সূত্রে আরও জানা গেছে, ভারতে স্বজনদের কাছে যাওয়ার উদ্দেশ্যে পাচারকারী চক্রের সহায়তায় অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করছিলেন আটক ওই দুই বাংলাদেশি নাগরিক।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, আটক মানব পাচারকারী ও অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টাকারী দুই নাগরিককে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরপূর্বক দোয়ারাবাজার থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি পলাতকদের আটকের চেষ্টা চলছে।
