ওসমানীনগরে দিনব্যাপী বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি লুনা
সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদী লুনা বলেছেন, আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে ধর্মের ভিত্তিতে মানুষের মাঝে কোনো বিভেদ থাকবে না। প্রত্যেকে স্বাধীন ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করবে। আপনারা নিজেদের কখনোই ‘সংখ্যালঘু’ মনে করবেন না; আপনারা এ দেশের সমান নাগরিক। একজন নাগরিক হিসেবে রাষ্ট্রের কাছে আমাদের যতটুকু অধিকার রয়েছে, আপনাদেরও ঠিক সমান মৌলিক অধিকার ভোগ করার পূর্ণ হক রয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের সিদ্ধেশ্বরী পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
নাগরিক সমতার ওপর গুরুত্বারোপ করে সংসদ সদস্য লুনা বলেন, সংবিধান অনুযায়ী আপনাদের মৌলিক অধিকার ভোগের ক্ষেত্রে যাতে কোনো ধরনের বৈষম্য বা বিঘ্ন সৃষ্টি না হয়, সে ব্যাপারে আমরা সার্বক্ষণিক সজাগ রয়েছি। আপনাদের যেকোনো প্রয়োজনে ও সংকটকালে আমরা পাশে থাকব। সুখ-দুঃখে একে অপরের পাশে থাকাই আমাদের পারস্পরিক দায়িত্ব।
মন্দিরের সড়ক সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই মন্দিরের রাস্তাটি সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। ইতোমধ্যে কিছু অংশের কাজ সম্পন্ন হলেও বাকি অংশ বাকি রয়েছে। যথাযথ প্রক্রিয়ায় আবেদন করা হলে দ্রুত সরকারি বরাদ্দ নিশ্চিত করে অসম্পূর্ণ কাজ শেষ করার আন্তরিক চেষ্টা করা হবে।
তিনি সনাতন ধর্মাবলম্বীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আপনারা ঐক্যবদ্ধভাবে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন এবং বিএনপিকে সরকার গঠনে ম্যান্ডেট দিয়েছেন। তাই আপনাদের সুখ-শান্তি নিশ্চিত করা আমাদের অন্যতম দায়িত্ব। বর্তমান সরকার সবসময় সনাতন ধর্মাবলম্বীদের কল্যাণে আন্তরিক। প্রধানমন্ত্রী এবার দুর্গাপূজা উপলক্ষে চালের বরাদ্দ ১০০ কেজি বৃদ্ধি করেছেন, শাড়ি উপহার দিয়েছেন এবং ধর্মীয় আনুষ্ঠানিকতা নির্বিঘ্নে পালনের সুবিধার্থে সরকারি ছুটি বাড়িয়ে তিন দিন করেছেন।
মণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মেরিনা দেবনাথ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাপস চক্রবর্তী, উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন, যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, উপজেলা যুবদলের আহ্বায়ক ফজল আহমদ জনি, যুগ্ম আহ্বায়ক ইসলাম উদ্দিন ও আকিক চৌধুরী এবং গোয়ালাবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি মন্নান বক্সসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে মঙ্গলবার বিকেল থেকে তিনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে টানা পরিদর্শন কর্মসূচি পালন করেন। বিকেল ৩টায় সাদীপুর মৎস্যজীবী সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এরপর পর্যায়ক্রমে বুরুঙ্গার সঞ্জিত পালের বাড়ি সার্বজনীন পূজামণ্ডপ, গোয়ালাবাজার কেন্দ্রীয় কালীমন্দির, তেরহাতী সার্বজনীন পূজামণ্ডপ, তাজপুর রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ, তাজপুর রবিদাস সার্বজনীন পূজামণ্ডপ, উমরপুরের মাটিহানী পূজামণ্ডপ এবং রাত পৌনে ৮টায় দয়ামীরের কুরুয়ায় সঞ্জয় দেবের (মাস্টার বাড়ি) সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় ও শুভেচ্ছা জ্ঞাপন করেন তিনি।
