এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে সোয়া ৩ লাখ টাকার ভারতীয় টমেটোসহ ট্রাক জব্দ
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানা পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই ভারতীয় টমেটোসহ একটি হাইড্রোলিক ট্রাক জব্দ করেছে। উদ্ধারকৃত ৩ হাজার ১৯০ কেজি টমেটোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ১৯ হাজার টাকা। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক ও হেলপারসহ চোরাকারবারিরা পালিয়ে গেছে।
রোববার (১৮ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক সোয়া ১টার দিকে এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা বাজারসংলগ্ন মসজিদ গলির মুখে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, এসআই মোহাম্মদ সরওয়ার্দীর নেতৃত্বে পুলিশের একটি দল লাক্কাতুরা বাজার এলাকায় নিয়মিত চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় কোম্পানীগঞ্জ থেকে সিলেট শহরমুখী একটি হলুদ রঙের টাটা হাইড্রোলিক ট্রাককে থামার সংকেত দেয় পুলিশ। কিন্তু চালক সংকেত অমান্য করে প্রায় ২০ গজ সামনে গিয়ে রাস্তার ওপর ট্রাকটি ফেলে রেখে চালক, হেলপার ও তাদের এক সহযোগীসহ তিন ব্যক্তি রাতের আঁধারে দৌড়ে পালিয়ে যায়।
পরবর্তীতে পুলিশ পরিত্যক্ত ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ১৪৫টি প্লাস্টিকের ক্যারেটে থাকা মোট ৩ হাজার ১৯০ কেজি ভারতীয় টমেটো উদ্ধার করে। একই সাথে চোরাচালানের কাজে ব্যবহৃত ট্রাকটি (রেজিস্ট্রেশন নং: রাজবাড়ী-ট-১১-০২৩২) জব্দ করা হয়।
সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য আমদানির ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি(১)(বি)/২৫-ডি ধারায় এয়ারপোর্ট থানায় একটি মামলা (মামলা নং-২৩) দায়ের করা হয়েছে।
এ বিষয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদুর রহমান জানান, সীমান্ত দিয়ে অবৈধ পথে আসা পণ্যের চোরাচালান রোধে পুলিশ সর্বদা সতর্ক রয়েছে। পলাতক অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং চোরাচালানের বিরুদ্ধে আমাদের এই কঠোর অবস্থান ভবিষ্যতেও চলমান থাকবে।

