বোনের বিয়ের দাওয়াত নিয়ে বিরোধ, সুলফির আঘাতে ব্যবসায়ী নিহত
সুনামগঞ্জের জগন্নাথপুরে বোনের বিয়ের দাওয়াত দেওয়াকে কেন্দ্র করে প্রতিবেশী চাচাতো ভাইদের সুলফির আঘাতে নাজিম উদ্দিন (৪৮) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ১১টার দিকে জগন্নাথপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের লুদরপুর লম্বা হাটি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত নাজিম উদ্দিন ওই গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে।
স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, নিহত নাজিম উদ্দিনের বোন মরিয়ম বেগমের বিয়ে ছিল গত শুক্রবার। বিয়ার আগে নাজিম নিজে না গিয়ে বোনদের মাধ্যমে প্রতিবেশী চাচাতো ভাইদের দাওয়াত পাঠান। এতে ক্ষুব্ধ হয়ে অভিযুক্তরা বিয়েতে অংশ নেননি।
এরই জেরে শনিবার সকালে অভিযুক্তরা নাজিম উদ্দিনের বসতঘরে তালা লাগিয়ে পরিবারের সদস্যদের ভেতরে আটকে রাখে। এ সময় নাজিম উদ্দিন বাড়ির পাশের মুদি দোকানে অবস্থান করছিলেন। হঠাৎ অভিযুক্ত চাচাতো ভাই মাসুম, মামুন, মঞ্জু, মুবিনসহ ৮-১০ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাঁর ওপর হামলা চালায়। একপর্যায়ে মামুন নামের একজন সুলফি দিয়ে নাজিমের ডান কাঁধের নিচে সজোরে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে আসামিরা তাঁকে বেধড়ক মারধর ও নির্যাতন করে।
পরে প্রতিবেশীরা এসে ঘরের তালা খুলে স্বজনদের মুক্ত করেন এবং গুরুতর আহত অবস্থায় নাজিমকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
জগন্নাথপুর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) নুর হোসেন জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে পুলিশি অভিযান চলছে এবং এ বিষয়ে মামলার প্রক্রিয়া শুরু হয়েছে।

