সুনামগঞ্জে শারদীয় দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের মতবিনিময় সভা
আসন্ন শারদীয় দুর্গাপূজা অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পূজার প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান খান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান আকবর আলী, আ ত ম মিছবাহ, নাদীর আহমদ, সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমদ লিলু, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিপ্রেশ রায় বাপ্পী, সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক, ইমাম-মুয়াজ্জিন পরিষদের নেতৃবৃন্দসহ সুশীল সমাজের প্রতিনিধিরা।
সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান জানান, সুনামগঞ্জ জেলায় এবার ৪৪৪টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজা নির্বিঘ্ন করতে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জেলা প্রশাসক আরও বলেন, ‘আমরা গত কয়েকদিন ধরে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছি। পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দকেও প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া নিরাপত্তা সংক্রান্ত কোর কমিটির বিশেষ সভাও করা হয়েছে। সকলের সম্মিলিত সহযোগিতা ও সচেতনতায় এবারও অত্যন্ত আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে বলে আমি আশাবাদী।’
সভায় উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
