জৈন্তাপুরে ‘নজরুল বর্ষ’ উদযাপন ও শিক্ষার্থীকে পুরস্কার প্রদান
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সাম্যবাদী চেতনা তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সিলেটের জৈন্তাপুর উপজেলায় মহাসমারোহে ‘নজরুল বর্ষ-২০২৬’ পালিত হয়েছে। অনুষ্ঠিত সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) জৈন্তাপুর উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়।
উপজেলা একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক আবদুল হাফিজ, আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সুজয় চৌধুরী, জৈন্তাপুর মডেল থানার উপ পরিদর্শক (তদন্ত) আল আমিন, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সরওয়ার বেলাল, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা আনোয়ার পারভেজ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আবাসিক প্রকৌশলী সাইদুর রহমান, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জুলহাস, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী রুহুল আমিন এবং বিয়াম ডা. কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলাল।
উল্লেখ্য, নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে গত ২৭ ও ২৮ সেপ্টেম্বর উপজেলা পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন, মাধ্যমিক বিদ্যালয়, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান, কলেজ এবং মাদ্রাসার (এবতেদায়ি, দাখিল ও ফাজিল পর্যায়) শিক্ষার্থীরা অংশ নেয়।
আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শতাধিক শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হক, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইলিয়াস হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফয়জুর রহমান, শোয়েব আহমেদ এবং উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সাজেদ আহমেদ তারেকসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় সুধীজনেরা উপস্থিত ছিলেন।
