শাল্লায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শাল্লায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিয়াস চন্দ্র দাস।
আলোচনা সভায় বক্তারা বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ দুর্যোগপ্রবণ দেশ। যদিও প্রাকৃতিক দুর্যোগ পুরোপুরি প্রতিরোধ করা মানুষের ক্ষমতার বাইরে, তবুও পূর্বপ্রস্তুতি, সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখযোগ্য হারে কমিয়ে আনা সম্ভব। দুর্যোগ মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি প্রতিটি পরিবার ও সাধারণ মানুষকে দায়িত্বশীল হতে হবে।
অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বিভিন্ন প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ধরন, দুর্যোগকালীন করণীয় এবং জরুরি পরিস্থিতিতে জীবন ও সম্পদ রক্ষার কৌশল সম্পর্কে বিস্তারিত ধারণা দেন। তারা বিশেষ করে অগ্নিকাণ্ড, বন্যা ও ঝড়-জলোচ্ছ্বাসের সময় নিরাপদে আশ্রয়ে থাকা এবং প্রাথমিক উদ্ধার তৎপরতা চালানোর ওপর হাতে-কলমে দিকনির্দেশনা দেন।
সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা প্রকৌশলী আবুল কালাম আজাদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহবুবুল আলম, শাল্লা কলেজের অবসরপ্রাপ্ত প্রভাষক তরুণ কান্তি দাস, ২নং হবিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুবল চন্দ্র দাস ও ইউপি সদস্য শহিদুল ইসলাম প্রমুখ।
সভায় দুর্যোগের ঝুঁকি হ্রাসে নিয়মিত মহড়া পরিচালনা এবং তৃণমূল পর্যায়ে সচেতনতামূলক প্রচারণা জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। আয়োজকরা জানান, দুর্যোগ মোকাবিলায় সাধারণ মানুষের সক্ষমতা বৃদ্ধি ও জনসচেতনতা তৈরির লক্ষ্যেই প্রতি বছর দিবসটি গুরুত্বসহকারে পালন করা হয়।
