কুলাউড়ায় ৮ হাজার পান গাছ কর্তনের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের নার্সারি পানপুঞ্জিতে দুর্বৃত্তদের দ্বারা ফলবান ৮ হাজার পান গাছ কেটে ফেলার ঘটনায় তীব্র প্রতিবাদ ও ক্ষোভ জানিয়েছেন স্থানীয় আদিবাসী নেতৃবৃন্দ। ঘটনার সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা, দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্ষতিগ্রস্ত পানচাষীদের উপযুক্ত ক্ষতিপূরণ ও নিরাপত্তার দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে বাংলাদেশ আদিবাসী ফোরাম মৌলভীবাজার জেলা শাখা, কুবরাজ আন্তঃপুঞ্জি উন্নয়ন সংগঠন, খাসি স্টুডেন্টস ইউনিয়ন (কেএসইউ), বৃহত্তর সিলেট আদিবাসী অধিকার সুরক্ষা নাগরিক কমিটি এবং ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’ এর যৌথ আয়োজনে এই প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন আদিবাসী ফোরামের জেলা সভাপতি ফ্লোরা বাবলী তালাং এবং সঞ্চালনা করেন হেলেনা হীরামন তালাং।
বক্তারা বলেন, পানচাষই খাসি আদিবাসীদের জীবন-জীবিকার প্রধান উৎস। পরিকল্পিতভাবে ৮ হাজার পান গাছ কেটে ফেলার মাধ্যমে দুর্বৃত্তরা আদিবাসী পরিবারগুলোকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার পাঁয়তারা করছে। এটি কেবল গাছ কাটা নয়, বরং একটি জাতিগোষ্ঠীর অস্তিত্বের ওপর আঘাত। বক্তারা অবিলম্বে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও পানচাষীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
মানবন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বৃহত্তর সিলেট আদিবাসী অধিকার সুরক্ষা নাগরিক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট ডাডলি ডেরিক প্রেন্টিস ও সদস্য সচিব অ্যাডভোকেট আবুল হাসান, ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’-এর কেন্দ্রীয় নেতা আব্দুল করিম কিম, বাসদ জেলা ইনচার্জ উজ্জ্বল রায়, জাসদ জেলা সভাপতি আ স ম ছালেহ সোহেল, উদীচী জেলা সহ-সভাপতি রামেন্দ্র চন্দ্র দাস, আদিবাসী নেতা নারায়ণ কুর্মী, পংকজ কন্দ, জ্ঞান উরাং, লক্ষ্মণ মুন্ডা, ফিলাহ পতমি, ছাত্র ফ্রন্ট জেলা সভাপতি বিশ্বজিৎ নন্দী এবং খাসি স্টুডেন্ট ইউনিয়নের সাধারণ সম্পাদক লেঞ্চার তংপেয়ার প্রমুখ।
মানববন্ধন শেষে প্রতিবাদী মিছিল সহকারে নেতাকর্মীরা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি প্রদান করেন।
