মৌলভীবাজারে এলপিজি গ্যাস বিক্রিতে অভিযান, লাইসেন্স না থাকায় জরিমানা
মৌলভীবাজার শহরে এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) বিক্রিতে প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন যাচাই এবং ব্যবসায়িক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (১৩ অক্টোবর) শহরের শমসেরনগর রোড ও চাঁদনীঘাট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল হক অমি এই অভিযান পরিচালনা করেন। এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন সিলেটের সহকারী বিস্ফোরক পরিদর্শক মোস্তফা ফারুক।
অভিযানকালে এলপিজি গ্যাস বিক্রির জন্য বিস্ফোরক পরিদপ্তরের প্রয়োজনীয় লাইসেন্স ও নিরাপত্তা সনদ যাচাই করা হয়। অভিযানে বৈধ লাইসেন্স ও অনুমোদন না থাকায় বিস্ফোরক আইন, ১৮৮৪-এর ৫(৩) ধারায় দুটি মামলা দায়ের করা হয় এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানে ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনা, সঠিক উপায়ে গ্যাস সিলিন্ডার সংরক্ষণ এবং সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে নিরাপত্তা বিধিবিধান অনুসরণের বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়।
এ বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এই অভিযানের মূল লক্ষ্য ব্যবসায়ীদের জরিমানা করা নয়, বরং আইন মেনে ব্যবসা পরিচালনায় উৎসাহিত করা এবং অনিয়ম রোধ করে জননিরাপত্তা নিশ্চিত করা। গ্যাস বিক্রি ও সংরক্ষণে গাফিলতি থাকলে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়।
জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ব্যবসায়ীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন।
