জগন্নাথপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও দুর্যোগ মোকাবিলায় ফায়ার সার্ভিসের বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিন।
উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা শিমুল আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে পূর্বপ্রস্তুতির কোনো বিকল্প নেই। দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রতিটি ঘরকে দুর্যোগ সহনশীল হিসেবে গড়ে তুলতে আমাদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
বক্তারা আরও বলেন, যেকোনো দুর্যোগে প্রাথমিক আঘাত প্রতিটি পরিবারেই লাগে। তাই জীবন ও সম্পদ রক্ষায় ব্যক্তি ও পারিবারিক পর্যায় থেকেই সতর্কতামূলক পদক্ষেপ নিতে হবে। সঠিক প্রস্তুতি ও সচেতনতাই পারে দুর্যোগের ঝুঁকি কমিয়ে একটি আধুনিক দুর্যোগ সহনশীল দেশ উপহার দিতে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হোরায়রা ছাদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম এ মুকিত, আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) আজিজুল ইসলাম, জগন্নাথপুর থানার উপ-পুলিশ পরিদর্শক নূর হোসেন, পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী সতীশ গোস্বামী, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি তাজ উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, পৌর বিএনপির আহ্বায়ক সালাহ্ উদ্দিন মিটু, পূজা উদযাপন পরিষদ জগন্নাথপুর উপজেলা শাখার আহ্বায়ক বাপ্পু রায়, সভাপতি বিজন রায় ও সাধারণ সম্পাদক বিভাস দে প্রমুখ।
দিবসটি উপলক্ষে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পক্ষ থেকে দুর্যোগকালীন জরুরি উদ্ধার তৎপরতার ওপর একটি মহড়া প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
