জগন্নাথপুরে নজরুল বর্ষ ও সংস্কৃতি উদযাপন অনুষ্ঠান সম্পন্ন
সুনামগঞ্জের জগন্নাথপুরে ‘নজরুল বর্ষ’ ও ‘আমার সংস্কৃতি আমার অহংকার’ উদযাপন উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে কার্যক্রমের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে জগন্নাথপুরের আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও দর্শনের চর্চা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া একান্ত প্রয়োজন। ‘আমার সংস্কৃতি আমার অহংকার’ স্লোগানকে ধারণ করে দেশীয় সংস্কৃতির বিকাশ এবং এর সঠিক চর্চার মধ্য দিয়েই একটি সুস্থ সমাজ বিনির্মাণ সম্ভব। এমন আয়োজন তরুণ প্রজন্মের মাঝে নিজস্ব সংস্কৃতির প্রতি অনুরাগ সৃষ্টি করবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হোরায়রা ছাদ এবং সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম এ মুকিত।
আলোচনা শেষে ‘নজরুল বর্ষ’ ও ‘আমার সংস্কৃতি আমার অহংকার’ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
