শাল্লায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শাল্লায় ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রমের অবহিতকরণ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) উপজেলা পরিষদ মিলনায়তনে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিয়াসচন্দ্র দাস, সাবেক উপজেলা চেয়ারম্যান ও শাল্লা উপজেলা বিএনপির সাবেক সভাপতি নগেন্দ্র চন্দ্র সরকার এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিশ্বপতি চক্রবর্তী উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে সরকার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়ন করছে। এই কর্মসূচির আওতায় দেশের প্রতিটি নারী পরিবারপ্রধান ফ্যামিলি কার্ড পাবেন, তবে নির্ধারিত আর্থসামাজিক মানদণ্ড যাচাই-বাছাই করে কেবল যোগ্য ও সুবিধাবঞ্চিত পরিবারগুলো সরকারি ভাতার আওতায় আসবে।
কর্মকর্তারা জানান, ১২ অক্টোবর থেকে দেশব্যাপী বাড়ি বাড়ি গিয়ে এই তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। স্বচ্ছতা নিশ্চিত করতে সারাদেশে ৬৬ হাজার ৮১৫ জন তথ্য সংগ্রহকারী ও ৬ হাজার ৬৮১ জন সুপারভাইজার সরাসরি মাঠে কাজ করছেন।
২০২৬-২৭ অর্থবছরে ফ্যামিলি কার্ড কর্মসূচির জন্য ১৪ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যার মধ্যে ১২ হাজার ৩০০ কোটি টাকা সরাসরি ভাতা হিসেবে বিতরণ করা হবে। প্রকৃত সুবিধাবঞ্চিত পরিবারকে সামাজিক সুরক্ষা বেষ্টনীতে এনে একটি স্বাবলম্বী সমাজ গড়ে তোলাই এ কর্মসূচির প্রধান লক্ষ্য বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।
