কমলগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ককে কারাগারে প্রেরণ
মৌলভীবাজারের কমলগঞ্জে ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দল ও মারামারির ঘটনায় দায়ের করা মামলায় পৌর ছাত্রদলের আহ্বায়ক জুয়েল আহমদ জুয়েলকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (১২ অক্টোবর) মৌলভীবাজার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিজ্ঞ বিচারক তা নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
জানা যায়, ২ অক্টোবর রাতে কমলগঞ্জ-শ্রীমঙ্গল আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) ঢাকা থেকে কমলগঞ্জ আসার সময় স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা মোটর শোভাযাত্রা নিয়ে তাকে স্বাগত জানান। এ সময় কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের মাগুরছড়া এলাকায় সংসদ সদস্যের গাড়িবহরের পাশে অবস্থান নেওয়া নিয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়কের অনুসারী এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রুমনের অনুসারীদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। তৎকালীন সময়ে সংসদ সদস্য ও স্থানীয় বিএনপি নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
তবে ওইদিন রাত সাড়ে ১১টার দিকে কমলগঞ্জ উপজেলা পরিষদ চত্বরের একটি হোটেলে উভয় পক্ষের মধ্যে পুনরায় কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে ৩ অক্টোবর রাতে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রুমন বাদী হয়ে কমলগঞ্জ থানায় পৌর ছাত্রদলের আহ্বায়ক জুয়েল আহমদ জুয়েলসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
মামলার পরদিন অন্য আসামিরা আদালতে হাজির হয়ে জামিন নিলেও প্রধান আসামি জুয়েল আহমদ জুয়েল এতদিন পলাতক ছিলেন। সোমবার তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে বিচারক শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এই ঘটনাকে কেন্দ্র করে কমলগঞ্জের ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে চরম উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে।
