বড়লেখায় শুরু হলো ফ্যামিলি কার্ডের জন্য তথ্য সংগ্রহ কার্যক্রম
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় উপকারভোগী পরিবারের তথ্য সংগ্রহ শুরু হয়েছে। সোমবার থেকে উপজেলার দুটি ইউনিয়নের দুটি ওয়ার্ডে এই কার্যক্রমের যাত্রা শুরু হয়। বিষয়টি নিশ্চিত করতে বিকেলে উপজেলা পরিষদ সেমিনার কক্ষে এক প্রেস কনফারেন্সের আয়োজন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম।
প্রেস কনফারেন্সে ইউএনও মাহবুব আলম জানান, উপজেলার একটি পৌরসভা ও ১০টি ইউনিয়নের পরিবারগুলোর নারী প্রধানের তথ্য সংগ্রহের জন্য প্রয়োজনীয় সংখ্যক সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে বর্নি ও বড়লেখা সদর ইউনিয়নের দুটি ওয়ার্ডে কর্মরতদের প্রশিক্ষণ কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ১২ অক্টোবর দেশব্যাপী একযোগে খানা ও পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রমের অংশ হিসেবে বড়লেখায় এই কার্যক্রম শুরু হয়েছে।
তিনি আরও বলেন, সরকারি নির্দেশনায় সম্পূর্ণ স্বচ্ছতার সাথে উপকারভোগীদের ডাটাবেজ তৈরির লক্ষ্যে মাঠ পর্যায়ের কর্মীরা কাজ করছেন।
প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু কাওছার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বর্নি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন।
এ সময় বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব, সহসভাপতি খলিলুর রহমান, অর্থ সম্পাদক সুলতান আহমদ খলিল এবং প্রেস ক্লাবের সদস্য আজাদ বাহার জামালী, তাহমিদ ইশাদ রিপন, সিরাজুল ইসলাম রিপন, রেদওয়ান আহমদ রুম্মানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
