জগন্নাথপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
সুনামগঞ্জের জগন্নাথপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রমের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।
সোমবার (১২ অক্টোবর) চিলাউড়া হলদিপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দাশনোয়াগাঁওয়ে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান শাহিদুল ইসলাম বকুল। জগন্নাথপুর উপজেলা যুবদলের আহ্বায়ক ও সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি আবুল হাশিম ডালিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসিন উদ্দিন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) মহসিন উদ্দিন বলেন, সরকারের এই গুরুত্বপূর্ণ কর্মসূচির উদ্দেশ্য হলো প্রকৃত সুবিধাবঞ্চিত পরিবারগুলোকে ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে আসা। এই কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌর বিএনপির আহ্বায়ক সালাউদ্দিন মিটু ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাজী হারুনুর রশিদ।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাঠকর্মী আনোয়ার হোসেন, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. দুধু মিয়া, যুগ্ম-আহ্বায়ক ডা. রাজা মিয়া, ইউনিয়ন বিএনপি সদস্য সিরাজুল কালা, আব্দুল হক টুনু এবং ইউনিয়ন যুবদল নেতা আব্দুল আলী।
কার্যক্রমের অংশ হিসেবে এলাকার সাধারণ মানুষের মধ্যে ফ্যামিলি কার্ডের গুরুত্ব ও তথ্য সংগ্রহের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। সভায় ১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক জনসাধারণ উপস্থিত ছিলেন।
