শান্তিগঞ্জে ডোবার পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু
সুনামগঞ্জের শান্তিগঞ্জে বাড়ির সামনের ডোবার পানিতে ডুবে আয়মান আহমেদ আদি (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আয়মান ওই গ্রামের শহিদ আহমদ রিয়াদের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৫টার পর থেকে শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পূর্ব পাশে অবস্থিত একটি ডোবার পানিতে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান।
দ্রুত তাকে উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলি উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

