কমলগঞ্জে হামের লক্ষ্মণ নিয়ে এক বছর বয়সী শিশুর মৃত্যু
মৌলভীবাজারের কমলগঞ্জে হামের লক্ষ্মণ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আবু তালহা (১) নামে এক বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) রাতে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। নিহত আবু তালহা কমলগঞ্জ উপজেলার জালালিয়া গ্রামের সুমন মিয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ১৫ দিন আগে শিশু আবু তালহা অসুস্থ হয়ে পড়লে তাকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চার-পাঁচ দিন চিকিৎসার পর কিছুটা সুস্থ বোধ করলে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। কিন্তু শনিবার শিশুটি পুনরায় হামের লক্ষ্মণ নিয়ে মারাত্মক অসুস্থ হয়ে পড়ে।
শিশুর পরিবারের সদস্যরা তাকে দ্রুত মৌলভীবাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তার শারীরিক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে ভর্তি করার পর শনিবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শিশুটির দাদা তাজু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রথম দফায় কমলগঞ্জে চিকিৎসার পর শিশুটি সুস্থ হয়েছিল। কিন্তু শনিবার হঠাৎ তার অবস্থার দ্রুত অবনতি ঘটে। চিকিৎসকরা শিশুটির অসুস্থতার পেছনে হামের লক্ষ্মণ থাকার কথা জানিয়েছেন।
উপজেলায় হামের লক্ষ্মণে শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বাস্থ্য সচেতন মহলের মতে, হামের মতো সংক্রামক রোগ প্রতিরোধে টিকাদান কর্মসূচি ও সচেতনতা আরও জোরদার করা প্রয়োজন।
