জগন্নাথপুরে অরুণোদয় বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সংবর্ধিত
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী অরুণোদয় বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নছির আলীর অবসরজনিত বিদায় উপলক্ষে এক আবেগঘন ও ভাবগম্ভীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টায় বিদ্যালয় মিলনায়তনে ম্যানেজিং কমিটির আয়োজনে এই সংবর্ধনা সভার আয়োজন করা হয়। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. জুহেল মিয়ার সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক মাহফুজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় প্যানেল চেয়ারম্যান আব্দুল জলিল, প্রবাসী কামাল উদ্দিন, দৈনিক কালবেলার জগন্নাথপুর প্রতিনিধি গোবিন্দ দেব, মো. কয়ছর মিয়া এবং অভিভাবক আব্দুল বাছিত সুমন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দশম শ্রেণির শিক্ষার্থী জাহানারা জান্নাত এবং গীতাপাঠের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। এরপর বিদ্যালয়ের শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ বিদায়ী প্রধান শিক্ষকের দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করেন। এসময় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবুল হাসান, আবুল কালাম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, শিক্ষক কুলদানন্দ বিশ্বাস এবং ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল মতিন, মুজিবুর রহমান ও আবু তাহের। শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখে মেঘলা রানী বৈদ্য, তাইবা বেগম ও মিনহা বেগম।
বক্তারা বলেন, মো. নছির আলী তাঁর দীর্ঘ শিক্ষকতা জীবনে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি অরুণোদয় বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে গেছেন। তাঁর এই অবদান ও আদর্শ বিদ্যালয় পরিবার চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ম্যানেজিং কমিটির পক্ষ থেকে বিদায়ী প্রধান শিক্ষক মো. নছির আলীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন সভাপতি জুহেল মিয়া ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। এরপর শিক্ষার্থীদের পক্ষ থেকেও তাদের প্রিয় শিক্ষককে ফুলেল শুভেচ্ছা এবং বিদায়ী সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। ৩০০ জন শিক্ষার্থী নিয়ে পরিচালিত এই বিদ্যাপীঠটির প্রতিটি স্তরের মানুষ বিদায়ী শিক্ষকের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে তাঁকে আবেগপূর্ণ বিদায় জানান।
