জগন্নাথপুরে ৭৮ জন নবীন শিক্ষককে বরণ করে নিল সহকারী শিক্ষক সমিতি
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সদ্য নিয়োগপ্রাপ্ত ৭৮ জন শিক্ষক-শিক্ষিকাকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নিয়েছে জগন্নাথপুর উপজেলা সহকারী শিক্ষক সমিতি।
বুধবার (৭ অক্টোবর) বিকেলে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে এ উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে সমিতির নেতৃবৃন্দ নবাগত শিক্ষকদের ফুল দিয়ে বরণ করে নেন।
উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ নূরুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা বিএনপি’র আহ্বায়ক আবু হুরায়রা ছাদ (মাস্টার)।
প্রধান অতিথির বক্তব্যে আবু হুরায়রা ছাদ বলেন, শিক্ষকরাই জাতির মেরুদণ্ড। প্রাথমিক শিক্ষার ভিত মজবুত করতে নবীন শিক্ষকদের মেধা ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহাবুবুল আলম, পৌর বিএনপি’র আহ্বায়ক কবি সালাহ উদ্দিন মিঠু, ইউপিইটিসি’র ইন্সট্রাক্টর মোস্তফা আহসান হাবীব, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম রাব্বি জাহান এবং সহকারী শিক্ষক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মো. আলমগীর হোসেন।
নবাগত শিক্ষকদের মধ্যে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন মো. হুমায়ুন কবির ও মো. জেবুল মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক নেতা মোরশেদুর রহমান, শংকর চন্দ্র নাথ, শহীদুর রহমান, নুর আহমদ, আতাউর রহমান, মনিবুর রহমান, নীলকান্ত দাস, শুভাসিন্ধু দে, আনোয়ার হোসেন, শামসুল ইসলাম, শাহ আলম, তানভির ইসলাম, সুমি বেগম, সুমা বেগম, সোনিয়া বেগম মিলি, শিপা আক্তার, মাহবুব শাকিল, নৃপেশ তালুকদার, দীপক দাস, রাজন সূত্রধর, জাহাঙ্গীর হোসেন ও বিজয় দাসসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে উপজেলায় নবনিয়োগপ্রাপ্ত ৭৮ জন সহকারী শিক্ষক অংশগ্রহণ করেন।
