দুর্গাপূজায় গুজব ও অপপ্রচারে সতর্ক থাকার আহ্বান অতিরিক্ত পুলিশ সুপারের
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বড়লেখায় থানা পুলিশের উদ্যোগে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এই সভায় প্রধান অতিথির বক্তব্যে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান মণ্ডপগুলোতে যেকোনো ধরনের গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন বদ্ধপরিকর। তবে নিরাপত্তা শুধু পুলিশের একার দায়িত্ব নয়, এটি একটি সম্মিলিত সামাজিক দায়বদ্ধতা। প্রতিটি মণ্ডপে নিজস্ব স্বেচ্ছাসেবক দল গঠন, পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং সম্ভব হলে সিসি ক্যামেরা স্থাপনের ওপর গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, কোনো ধরনের গুজব বা উসকানিমূলক অপপ্রচারে কান দেওয়া যাবে না। কোনো অস্বাভাবিক ঘটনা বা সন্দেহজনক ব্যক্তির গতিবিধি লক্ষ্য করলে তাৎক্ষণিকভাবে স্থানীয় পুলিশকে অবহিত করুন। সর্বস্তরের জনগণের সহযোগিতা ও সক্রিয় সম্পৃক্ততার মাধ্যমেই একটি নিরাপদ ও উৎসবমুখর দুর্গোৎসব নিশ্চিত করা সম্ভব।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া সার্কেল অফিসের পুলিশ পরিদর্শক ফরিদ উদ্দীন ও শাহাবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর ইস্কান্দার হাবিবুর রহমান।
সভায় স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার পাল, পূজা ফ্রন্টের আহ্বায়ক অ্যাডভোকেট শৈলেশ চন্দ্র রায়, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব সুভাষ রায়, প্রধান শিক্ষক বিধান দাস, গীতেশ দাস প্রমুখ।
সভায় বড়লেখা উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপের পরিচালনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বড়লেখার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উৎসব উদযাপনে প্রশাসনের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
