জগন্নাথপুরে শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভা
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসলাম উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মহসিন উদ্দিনের সঞ্চালনায় সভায় আইনশৃঙ্খলা রক্ষা ও পূজা মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, দুর্গাপূজা কেবল একটি নির্দিষ্ট সম্প্রদায়ের উৎসব নয়, এটি বাঙালির সার্বজনীন উৎসব। অতীতের মতো এবারও জগন্নাথপুরে সম্প্রীতির পরিবেশে পূজা উদযাপিত হবে বলে আশা প্রকাশ করেন তারা। প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি মণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ এবং জরুরি প্রয়োজনে প্রশাসনের সাথে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়।
সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হোরায়রা সাদ, জেলা বিএনপির সদস্য এম এ মুকিত, জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার নুরুল আলম, কলকলিয়া ইউপি চেয়ারম্যান রফিক মিয়া, রানীগঞ্জ ইউপি চেয়ারম্যান ছদরুল ইসলাম, চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান শাহিদুল ইসলাম বকুল, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজ উদ্দিন আহমেদ, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নাজমা বেগম ও পল্লী বিদ্যুৎ কর্মকর্তা ঋষিকেশ।
এছাড়া সভায় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন বিজন কুমার দেব, সতীশ গোস্বামী, বিভাষ দে, সাংবাদিক অমিত দেব, সাংবাদিক গোবিন্দ দেব, বাপ্পি দাস ও সুবল দে। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা আবদুস সোবহান, পৌর বিএনপির সদস্য সচিব এম এ মতিন, যুবদল সভাপতি আব্দুল হাশিম ডালিমসহ বিভিন্ন ইউনিয়ন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।
প্রস্তুতি সভায় আসন্ন দুর্গোৎসবকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর নজরদারি ও বিশেষ সতর্কতা অবলম্বনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি মণ্ডপ কমিটিকে সিসি ক্যামেরা স্থাপন ও নিজস্ব স্বেচ্ছাসেবক দল গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
