মৌলভীবাজারে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে মোবাইল কোর্ট, জরিমানা আদায়
মৌলভীবাজার পৌরশহরের ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে এবং পৌর আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। মঙ্গলবার (৬ অক্টোবর) শহরের বিভিন্ন এলাকায় পৃথক মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান চালিয়ে ৭টি মামলায় মোট ৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল ইবনে ইদ্রিস এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল হক অমি।
সূত্র জানায়, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল ইবনে ইদ্রিসের নেতৃত্বে শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ১০৮ ধারা লঙ্ঘনের দায়ে ১০৯ ধারায় ৪টি মামলা দায়ের করা হয় এবং ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে মৌলভীবাজার পৌরসভার সহকারী প্রকৌশলী উপস্থিত ছিলেন।
অন্যদিকে, একই দিনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল হক অমি শহরের শমসেরনগর রোড ও পশ্চিম বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযানে পৌর আইন লঙ্ঘনের দায়ে ৩টি মামলায় আরও ২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
পৌর কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শহরের ফুটপাত ও সড়ক সাধারণ মানুষের চলাচলের জন্য উন্মুক্ত রাখা এবং পৌর এলাকার শৃঙ্খলা ও সৌন্দর্য বজায় রাখা প্রশাসনের অন্যতম দায়িত্ব। এ লক্ষ্য বাস্তবায়নে নিয়মিত বিরতিতে অবৈধ দখল উচ্ছেদ ও আইন প্রয়োগকারী অভিযান অব্যাহত থাকবে।
অভিযানের সময় সড়কের ওপর অবৈধ স্থাপনা ও মালামাল সরিয়ে নেওয়ার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়। এ ধরনের উদ্যোগকে সাধারণ নাগরিকরা স্বাগত জানিয়েছেন।
