মৌলভীবাজারে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপিত
মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিশু সপ্তাহ, শিশু অধিকার দিবস-২০২৬ এবং বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি বা সুবর্ণজয়ন্তী উদযাপিত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমির আয়োজনে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে কেন্দ্রীয় কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি।
মৌলভীবাজার প্রান্তে জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তানভির হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার। এছাড়াও অনুষ্ঠানে জেলা শিশু কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জেলা শিক্ষা কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা শিশুদের অধিকার, নিরাপত্তা ও মানসিক বিকাশের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে শিশুশ্রম, বাল্যবিয়ে, শারীরিক-মানসিক সহিংসতা ও বৈষম্য নিরসনে সবাইকে সচেতন ও সক্রিয় থাকার আহ্বান জানানো হয়।
শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে শিশুদের মেধা বিকাশে বিভিন্ন কর্মসূচি গ্রহণের ওপর জোর দেওয়া হয়। অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ে বক্তারা ডিজিটাল যুগে শিশুদের সাইবার নিরাপত্তা ও নৈতিক শিক্ষা নিশ্চিত করার বিষয়েও আলোকপাত করেন।
