হবিগঞ্জে ‘নেশাগ্রস্ত ছেলের হাতে’ বাবা খুন
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় নেশার টাকার দাবিতে বাবার সঙ্গে কথা কাটাকাটির জেরে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে উপজেলার শিবপাশা ইউনিয়নের আন্দাবাড়ি গ্রামে এ নৃশংস ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম সাহাব উদ্দিন (৬০)। অভিযুক্ত ছেলের নাম ইয়াফিন (২২)।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, মাদকাসক্ত ইয়াফিন দীর্ঘদিন ধরেই তার বাবার কাছে নেশার জন্য টাকা চেয়ে আসছিল। এ নিয়ে বাবা-ছেলের মধ্যে প্রায়ই বিরোধ ও কথা কাটাকাটি হতো। মঙ্গলবার দুপুরে নেশাগ্রস্ত অবস্থায় ইয়াফিন ফের বাবার কাছে টাকা দাবি করেন। এ নিয়ে বাগ্বিতণ্ডার এক পর্যায়ে উত্তেজিত হয়ে ইয়াফিন ঘরে থাকা বটি দিয়ে সাহাব উদ্দিনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। এতে ঘটনাস্থলেই সাহাব উদ্দিনের মৃত্যু হয়।
ঘটনার পরপরই খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ঘাতক ইয়াফিনকে আটক করে থানায় নিয়ে আসে।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম আরও বলেন, প্রাথমিক তদন্তে এটি স্পষ্ট যে, নেশার টাকার জন্যই ইয়াফিন তার বাবাকে হত্যা করেছেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং হত্যাকাণ্ডের বিস্তারিত তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

