হাসাউড়ার আনারসকে ‘জিআই পণ্য’ করার উদ্যোগ
সুনামগঞ্জ সদর উপজেলার হাসাউড়া গ্রামের ঐতিহ্যবাহী আনারসের চাষ সম্প্রসারণ এবং একে ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ অক্টোবর সোমবার সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান।
মতবিনিময় সভায় হাসাউড়ার আনারসের উৎপাদন বৃদ্ধি, গুণগত মান উন্নয়ন, কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ এবং ব্র্যান্ডিং ও বাজার সম্প্রসারণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একইসঙ্গে স্থানীয় এ কৃষিপণ্যকে দেশের গণ্ডি পেরিয়ে জনপ্রিয় করে তুলতে এবং ভবিষ্যতে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি আদায়ে প্রয়োজনীয় করণীয় নিয়ে অংশীজনরা তাদের মতামত তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, হাসাউড়ার আনারসের স্বাতন্ত্র্য এবং গুণগত মান অনন্য। এর সম্ভাবনাকে কাজে লাগিয়ে সঠিক ব্র্যান্ডিং এবং বাজার সম্প্রসারণ করতে পারলে কৃষকদের জীবনমানের উন্নয়ন ঘটবে। এই কৃষি পণ্যের দেশব্যাপী পরিচিতি বাড়াতে এবং অর্থনীতিতে এর অবদান নিশ্চিত করতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
সভায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্থানীয় কৃষক, উদ্যোক্তা, সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা হাসাউড়ার আনারসের ভৌগোলিক বৈশিষ্ট্য তুলে ধরে একে একটি স্বতন্ত্র ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, হাসাউড়ার আনারস জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেলে দেশীয় বাজারে এর কদর বাড়বে এবং আর্থ-সামাজিক ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে।
