সুনামগঞ্জে ‘বিশ্ব বসতি দিবস’ পালিত
‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা বিশ্বের ন্যায় সুনামগঞ্জেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব বসতি দিবস। সোমবার (৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকাল ১০টায় শহরের প্রধান প্রধান সড়কে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোল্লা রবিউল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।
বক্তারা বলেন, দ্রুত নগরায়নের ফলে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবিলায় পরিকল্পিত বসতি ও পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণ অত্যন্ত জরুরি। ক্রমবর্ধমান জনসংখ্যার আবাসন সংকট নিরসনে ভবন নির্মাণের ক্ষেত্রে সরকারি নীতিমালা ও বিল্ডিং কোড যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন তারা।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খাঁন এবং পুলিশ পরিদর্শক (অপরাধ শাখা) আব্দুল্লাহ আল মামুন। গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী রায়হান ইবনে সুলতানের সঞ্চালনায় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপ-বিভাগীয় প্রকৌশলী রেজাউল বারী তুহিন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শেরনুর আলী, অ্যাডভোকেট হাফেজা ফেরদৌস লিপন এবং বাসস প্রতিনিধি মুহাম্মদ আমিনুল হক প্রমুখ।
বক্তারা নিরাপদ ও টেকসই আবাসন নিশ্চিত করতে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগের ওপর জোর দিয়ে সবাইকে পরিকল্পিত নগরায়ন বাস্তবায়নে সচেতন হওয়ার আহ্বান জানান।
