সুনামগঞ্জে সরকারি উন্নয়ন প্রচারের সেমিনারে জেলা প্রশাসকের বিরুদ্ধে সাংবাদিকদের ক্ষোভ
সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনারে সুনামগঞ্জের জেলা প্রশাসকের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা। শনিবার (৩ অক্টোবর) বেলা ১১টায় সুনামগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের সম্মেলন কক্ষে সিলেট আঞ্চলিক তথ্য অফিসের আয়োজনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারের উন্নয়নমূলক কার্যক্রম জনগণের সামনে তুলে ধরার ক্ষেত্রে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কিন্তু বর্তমান জেলা প্রশাসক পেশাদার গণমাধ্যমকর্মীদের এড়িয়ে চলছেন। উন্নয়নমূলক কাজের তথ্য সরবরাহ বা সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা অবহিত করার ক্ষেত্রে জেলা প্রশাসনের পক্ষ থেকে অনীহা দেখানো হচ্ছে বলে তারা অভিযোগ করেন।
উন্মুক্ত আলোচনায় চ্যানেল টোয়েন্টিফোর-এর প্রতিনিধি এ আর জুয়েল জানতে চান, কেন জেলা প্রশাসন উন্নয়ন কর্মকাণ্ড গণমাধ্যমে প্রচারের ক্ষেত্রে অনাগ্রহী। দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি মাসুম হেলাল অভিযোগ করেন, একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তিনি জেলা প্রশাসকের সাড়া পাননি।
একাত্তর টিভির প্রতিনিধি শহীদনূর আহমেদ জেলা প্রশাসকের কার্যপদ্ধতির কঠোর সমালোচনা করেন এবং তার কর্মপদ্ধতি পরিবর্তনের দাবি জানান। এ সময় যমুনা টিভির সোহানুর রহমান সোহান, গাজী টিভির সেলিম আহমদ তালুকদারসহ অন্যান্য গণমাধ্যমকর্মীরাও জেলা প্রশাসনের সঙ্গে তথ্য আদান-প্রদান ও সমন্বয়হীনতার বিষয়টি তুলে ধরেন। উপস্থিত বক্তারা এসব বক্তব্যকে সংশ্লিষ্ট সাংবাদিকদের ব্যক্তিগত অভিমত হিসেবে অভিহিত করেন।
সিলেট আঞ্চলিক তথ্য অফিসের উপ-প্রধান তথ্য কর্মকর্তা হাছিনা আক্তারের সভাপতিত্বে সেমিনারে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিলেট আঞ্চলিক তথ্য অফিসের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মহসিন। আলোচক হিসেবে বক্তব্য দেন তথ্য কর্মকর্তা মো. আকিকুর রেজা চৌধুরী ও সুনামগঞ্জ জেলা তথ্য অফিসের উপপরিচালক শেখ ওয়ালিদ ফয়েজ।
সেমিনারে বক্তারা সরকারের বিভিন্ন উন্নয়ন ও সামাজিক কর্মসূচির ইতিবাচক দিক তুলে ধরেন। তারা জানান, দিরাই উপজেলা থেকে ফ্যামিলি কার্ড ও শাল্লা উপজেলা থেকে কৃষক কার্ডের কার্যক্রম শুরুর মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া হচ্ছে।
বক্তারা আরও বলেন, রাষ্ট্রের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ের পাশাপাশি গণমাধ্যমকে আরও সক্রিয় হতে হবে। রাষ্ট্রবিরোধী কোনো মহল যাতে বিভ্রান্তি ছড়াতে না পারে, সে জন্য সরকারের উন্নয়ন কর্মকাণ্ডগুলো জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।
সেমিনারে সাংবাদিকরা সুনামগঞ্জের কৃষি, ধানের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, হাওরের মৎস্যসম্পদ রক্ষা এবং মানসম্মত শিক্ষাব্যবস্থা নিশ্চিতে স্থানীয় প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী দুর্নীতি প্রতিরোধ ও জনকল্যাণমূলক কর্মসূচিগুলো মাঠপর্যায়ে যথাযথভাবে বাস্তবায়নের দাবি জানানো হয়।
