কমলগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ২টি একনলা বন্দুক উদ্ধার
মৌলভীবাজারের কমলগঞ্জ সীমান্ত এলাকা থেকে দুটি একনলা বন্দুক উদ্ধার করেছে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে বিজিবির বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করে।
বিজিবি জানায়, কুরমা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৮৬/এম-এর আনুমানিক আড়াই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ‘খাসিয়াপুঞ্জি জামতলা’ নামক স্থানে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে পরিত্যক্ত অবস্থায় দুটি একনলা বন্দুক পাওয়া যায়।
উদ্ধারের পরপরই বিজিবির পক্ষ থেকে বিষয়টি তাৎক্ষণিকভাবে কমলগঞ্জ থানা পুলিশকে অবহিত করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্রগুলো নিয়মিত মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কমলগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র, মাদক ও চোরাচালান দমনে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) নিয়মিত গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করে আসছে।
এ বিষয়ে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মাহবুবুল হক জানান, সীমান্ত এলাকায় অস্ত্র ও বিস্ফোরক চোরাচালান প্রতিরোধে বিজিবির এই ধরনের অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে এবং সীমান্তের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
