মৌলভীবাজারে ৮০ বোতল বিদেশি মদসহ ট্রাক জব্দ, গ্রেফতার ২
মৌলভীবাজার সদর মডেল থানার শেরপুর পুলিশ ফাঁড়ির একটি চৌকস দল অভিযান চালিয়ে ৮০ বোতল বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। এ সময় মদ পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোররাতে ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর গোলচত্বর এলাকায় বিশেষ তল্লাশি চৌকি বসিয়ে এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলো—সাতক্ষীরা সদর উপজেলার রসুলপুর এলাকার মো. শফিকুল ইসলামের ছেলে মেহেদী হাসান ওরফে সকাল (৩২) এবং ইটাগাছা এলাকার মো. শফিকুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম (৩০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ওবায়দুল্লাহর নেতৃত্বে সিলেট থেকে ঢাকাগামী খুলনা মেট্রো-ট-১১-২৩১৭ নম্বরের একটি ট্রাকে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে ট্রাকের চালক ও হেলপার সিটের পেছনে লুকানো চারটি চটের বস্তা থেকে ৮০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে—‘রয়্যাল স্ট্যাগ ডিলাক্স হুইস্কি’র ৪৬ বোতল, ‘আইকনিক হোয়াইট ফাইনেস্ট ইন্টারন্যাশনাল গ্রেইন হুইস্কি’র ১৬ বোতল এবং ‘এসি ব্ল্যাক পিওর গ্রেইন ডিলাক্স হুইস্কি’র ১৮ বোতল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা পুলিশকে জানায়, তারা পরস্পর যোগসাজশে সিলেট থেকে বিদেশি মদের এই চালানটি কৌশলে ঢাকায় নিয়ে যাচ্ছিল।
মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
