সুনামগঞ্জে বিজিবির অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদ ও বিয়ার আটক
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও বিয়ার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে উপজেলার ধনপুর ইউনিয়নের ভাঙ্গারপাড় এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় এসব মাদকদ্রব্য আটক করা হয়।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৮ বিজিবির অধীনস্থ চিনাকান্দি বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১২০৯/৬-এস সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে ভাঙ্গারপাড় নামক স্থানে অভিযান চালায়। এ সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল তল্লাশি করে ৬৪ বোতল ভারতীয় মদ ও ২৪ বোতল ভারতীয় বিয়ারসহ সর্বমোট ৮৮ বোতল মাদকদ্রব্য জব্দ করা হয়।
এ বিষয়ে সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক জানান, সীমান্তে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণে বিজিবি বদ্ধপরিকর। তিনি বলেন, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
জব্দকৃত ভারতীয় মদ ও বিয়ার আইনানুগ প্রক্রিয়ায় সুনামগঞ্জের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।
