শাল্লায় কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সুনামগঞ্জের শাল্লায় কৃষকদের দোরগোড়ায় সরকারি কৃষি সহায়তা সহজে ও সরাসরি পৌঁছে দেওয়ার লক্ষ্যে ‘কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ-২০২৬’ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে শাল্লা উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে অনলাইন ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হয়ে সারা দেশের ন্যায় শাল্লায়ও এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে স্থানীয়ভাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম। সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী চিকিৎসার জন্য বিদেশে অবস্থান করায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মিনহাজুর রহমান, কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ তরিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুনামগঞ্জের উপপরিচালক মো. ওমর ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, সহকারী পুলিশ সুপার (শাল্লা সার্কেল) হুমায়ুন আহমেদ, শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াসচন্দ্র দাস ও উপজেলা কৃষি কর্মকর্তা শুভজিৎ রায়।
এ সময় আরও উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ, যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল ও আঃ করিম মাস্টারসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা এবং উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত বিপুল সংখ্যক কৃষক।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘কৃষক কার্ড’ প্রবর্তনের ফলে কৃষকদের সরকারি কৃষি সহায়তা, কৃষি উপকরণ প্রাপ্তি এবং বিভিন্ন সেবা পাওয়ার প্রক্রিয়া আগের চেয়ে অনেক বেশি স্বচ্ছ ও সহজ হবে। সরাসরি কৃষকের কাছে সরকারি সুবিধা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এই উদ্যোগটি যুগান্তকারী ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানের শেষ পর্যায়ে স্থানীয় কৃষকদের মাঝে আনুষ্ঠানিকভাবে কৃষক কার্ড ও কৃষি উপকরণ বিতরণ করা হয়। কার্ড হাতে পেয়ে স্থানীয় কৃষকরা সন্তোষ প্রকাশ করেন এবং সরকারি এ উদ্যোগ কৃষিখাতে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
