ঝেরঝেরী পাড়ার জলাবদ্ধতা ও নাগরিক দুর্ভোগ পরিদর্শনে সিসিক প্রশাসক
সিলেট নগরীর ঐতিহ্যবাহী ঝেরঝেরী পাড়া এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা, পানি নিষ্কাশন সমস্যা এবং নাজুক সড়ক ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয় ‘এভারগ্রীণ ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থা’র আমন্ত্রণে তিনি এলাকাটি পরিদর্শনে যান।
পরিদর্শনকালে রায়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কসহ পুরো এলাকার নাগরিক দুর্ভোগের চিত্র ঘুরে দেখেন প্রশাসক। স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিনের জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন সমস্যার কারণে তাদের ভোগান্তির কথা তুলে ধরেন। পরে স্থানীয়দের পক্ষ থেকে নাগরিক সমস্যা সমাধানের দাবিতে প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
বাসিন্দাদের বক্তব্য শুনে সিসিক প্রশাসক এলাকাটি খুঁটিয়ে দেখেন এবং তাৎক্ষণিকভাবে উপস্থিত সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ঝেরঝেরী পাড়ার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় মুরুব্বি ও এভারগ্রীণ ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার নেতৃবৃন্দ। তাদের মধ্যে ছিলেন মাওলানা মিসবাউল ইসলাম চৌধুরী, সেলিম আহমদ চৌধুরী, মাওলানা মাহমুদ শোয়াইব, মুশফিক উস সামাদ চৌধুরী, আলতাফ হোসেন চৌধুরী জুয়েল, ডা. মো. ফজলুল হক সোহেল, তারেক আহমদ খানসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করে বলেন, প্রশাসকের এই সরেজমিন পরিদর্শন ও নির্দেশনার ফলে ঝেরঝেরী পাড়ার নাগরিক সমস্যাগুলোর স্থায়ী সমাধান হবে এবং এলাকাবাসী দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পাবেন।

