বিএনপি সরকার দলীয়করণের ভাইরাসে আক্রান্ত: ফখরুল ইসলাম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম অভিযোগ করেছেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার মাত্র সাত মাসের মধ্যেই দলীয়করণের সব সীমা অতিক্রম করেছে। তিনি বলেন, বর্তমান সরকার দলীয়করণের ভাইরাসে আক্রান্ত। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠান—কোনো কিছুই আজ দলীয়করণের হাত থেকে রেহাই পাচ্ছে না, যার ফলে রাষ্ট্র কাঠামোতে বিপর্যয় নেমে এসেছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের ফতেহপুর মাদ্রাসা বাজারে আয়োজিত এক দাওয়াতী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াতের কেন্দ্রীয় মাসব্যাপী গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশের আয়োজন করা হয়।
মুহাম্মদ ফখরুল ইসলাম আরও বলেন, সিলেট সিটি করপোরেশন, উন্নয়ন কর্তৃপক্ষ, ওয়াসা, জেলা পরিষদ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, শিক্ষাবোর্ড এবং সর্বশেষ সিলেট চেম্বারেও প্রশাসক হিসেবে দলীয় লোক নিয়োগ দেওয়া হয়েছে। সরকারি দলের লোকদের পকেট ভারী করা ও লুটপাটের সুযোগ তৈরি করতেই সরকার দলীয়করণের উৎসবে মেতে উঠেছে।
তিনি বলেন, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত মানবিক বাংলাদেশ বিনির্মাণে জামায়াত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জামায়াতের আদর্শে অনুপ্রাণিত হয়ে সাধারণ মানুষ দলে দলে যোগ দিচ্ছেন এবং এই পরিবর্তনের ধারা অব্যাহত থাকবে।
স্থানীয় প্রবীণ জামায়াত নেতা মৌলভী রুহুল আমীনের সভাপতিত্বে এবং ওয়ার্ড সভাপতি দিলাওয়ার হোসেনের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা জামায়াতের আমীর নাজির উদ্দিন ও মোগলগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত আমীর নুরুল আমীন।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনিট সভাপতি দুলাল আহমদ, সাবেক মেম্বার শফিকুর রহমান, মাওলানা জাকারিয়া, শ্রমিক নেতা হাফিজুর রহমান, সেলিম উদ্দিন, হুশিয়ার আলী ও নোমান আহমদ প্রমুখ।
জামায়াতের লক্ষ্য তুলে ধরে মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, জামায়াত শুধু রাজনৈতিক পরিবর্তনের কথা বলে না, মানুষের চিন্তা ও চরিত্র পরিবর্তনের লক্ষ্যেও কাজ করে। আল্লাহর বিধান ও ন্যায়-ইনসাফের ভিত্তিতে একটি বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য। এই লক্ষ্য বাস্তবায়নে প্রতিটি মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে এবং সমাজের প্রতিটি স্তরে নৈতিকতা ও জবাবদিহির চর্চা বাড়াতে হবে।

