জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসীর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও নগদ অর্থ প্রদান
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ও কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন ও তাদের ভবিষ্যৎ পড়াশোনায় উৎসাহ জোগাতে যুক্তরাজ্য প্রবাসী মো. সুজাতুল ইসলাম সুজাতের ব্যক্তিগত উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় বিদ্যালয় ও কলেজের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ আব্দুল মুহিত। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোজাহারুল ইসলাম খানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন ও গীতা পাঠ করা হয়। এরপর শিক্ষক আল আমিনের পরিবেশনায় ইসলামী সংগীত পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম খসরু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডহক কমিটির অভিভাবক সদস্য জুবাইর হোসেন। এছাড়া প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক ইকবাল হোসেন সিহাব, মুজাহিদুল ইসলাম, আবদাল মিয়া, অধীর রঞ্জন দাস এবং কলেজ শাখার প্রভাষক আলমগীর হোসেনসহ শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, “শিক্ষা জীবনের সাফল্যের মূল ভিত্তি হলো অনুপ্রেরণা। মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নগদ অর্থ সহায়তা দেওয়ার এই মহতী উদ্যোগ শিক্ষার্থীদের আগামীর পথে এগিয়ে যেতে সাহস জোগাবে।” বক্তারা যুক্তরাজ্য প্রবাসী মো. সুজাতুল ইসলাম সুজাতের এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের জন্যও একই ধরনের সংবর্ধনার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিরা কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ ও সম্মাননা উপহার তুলে দেন। একই সঙ্গে আসন্ন পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের আরও ভালো ফলাফলের জন্য মনোযোগের সঙ্গে অধ্যবসায় করার আহ্বান জানানো হয়।
