যুক্তরাষ্ট্রে নিখোঁজের ৪ দিন পর বিয়ানীবাজারের আলী আহমদের লাশ উদ্ধার
যুক্তরাষ্ট্রের টেক্সাসে নিখোঁজের চার দিন পর নিজ গাড়ির ভেতর থেকে আলী আহমদ নামে এক বাংলাদেশির মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি পেশায় একজন উবার চালক ছিলেন।
নিহত আলী আহমদ সিলেটের বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের ঘুঙ্গাদিয়া ত্রিমুখী এলাকার বাসিন্দা মরহুম আছার উদ্দিনের কনিষ্ঠ পুত্র এবং আব্দুর রহিম ও ইসলাম উদ্দিনের ছোট ভাই। তবে তাদের আদি নিবাস বিয়ানীবাজার পৌরসভার শ্রীধরা গ্রামে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার জুমার নামাজ ও দুপুরের খাবার শেষে কর্মস্থল উবার চালানোর উদ্দেশ্যে বাসা থেকে বের হন আলী আহমদ। তবে প্রতিদিনের মতো কাজ শেষে রাতে তিনি আর বাড়ি ফেরেননি। পরদিন শনিবার সকাল পর্যন্ত পরিবারের সদস্যরা তার মোবাইল ফোন বন্ধ পেয়ে সম্ভাব্য সকল আত্মীয়-স্বজন ও পরিচিতদের সঙ্গে যোগাযোগ করেন। কোথাও কোনো সন্ধান না পেয়ে একপর্যায়ে স্থানীয় পুলিশ স্টেশনে নিখোঁজ ডায়েরি করা হয়।
অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রথমে একটি মিসিং ডায়েরি করে এবং নিখোঁজের ২৪ ঘণ্টা পার হওয়ার পর ঘটনাটিকে ‘হাই অ্যালার্ট’ কেস হিসেবে তালিকাভুক্ত করে বিশেষ তদন্ত ও অনুসন্ধান শুরু করে। নিখোঁজের চার দিন পর মঙ্গলবার পুলিশ তার ব্যবহৃত নিজস্ব গাড়ি থেকেই আলী আহমদের মরদেহ উদ্ধার করে।
মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্ত ও পুলিশি তদন্তের প্রতিবেদন পাওয়ার পরই এটি দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড—সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন।
মৃত্যু কালে তিনি স্ত্রী ও চার সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। আলী আহমদের এমন আকস্মিক ও রহস্য জনক মৃত্যুতে টেক্সাসসহ গোটা যুক্তরাষ্ট্রে বসবাসরত বিয়ানীবাজারবাসী ও প্রবাসী বাংলাদেশিদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
