৯ মাসের অভিযানে ৯৩১ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ, আটক ৩০৫
বিজিবির সরাইল রিজিয়নের আওতাধীন সীমান্ত এলাকায় চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে বিশেষ অভিযান পরিচালনা করে ৯৩১ কোটি ২৭ লাখ ২২ হাজার ৫৯২ টাকা মূল্যের চোরাচালান পণ্য ও মাদক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সময়ে চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ৩০৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির। সরাইল রিজিয়নের আওতাধীন ১৩টি ব্যাটালিয়নের গত ৯ মাসের সার্বিক অভিযানের চিত্র তিনি সাংবাদিকদের সামনে তুলে ধরেন।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, বিজিবির সরাইল রিজিয়নের অধীনে প্রায় ১ হাজার ২০৪ কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে। সিলেট, কুমিল্লা, ময়মনসিংহ ও শ্রীমঙ্গল সেক্টরের ১৩টি ব্যাটালিয়নের ২১১টি বিওপির মাধ্যমে নিয়মিত টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এসব অভিযানে বিপুল পরিমাণ মাদক, অস্ত্র, বিস্ফোরক এবং অবৈধভাবে উত্তোলিত বালু ও পাথর জব্দ করা হয়েছে।
বিজিবি জানায়, গত নয় মাসে পরিচালিত অভিযানে ১১টি পিস্তল, ৯টি ম্যাগাজিন, ৭টি এয়ার গান, ৫টি পাইপ গান ও ৬২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ ১৯ কেজি উচ্চ বিস্ফোরক, ১১৭টি ডেটোনেটর ও ৩০ মিটার ডেটোনেটর তার জব্দ করা হয়েছে।
মাদকবিরোধী অভিযানে ৩ লাখ ১২ হাজার ৯১০ পিস ইয়াবা, ১৩ হাজার ৮০৮ কেজি গাঁজা, ৬২ হাজার ৬৭৬ বোতল বিদেশি মদ ও বিয়ার এবং ১৫ হাজার ৫৮১ বোতল ফেনসিডিল ও ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ৩ লাখ ৭৩ হাজার ৫৭১ পিস যৌন উত্তেজক ট্যাবলেট ও ১৬৯ লিটার চোলাই মদ জব্দ করা হয়েছে। সীমান্ত দিয়ে অবৈধ বালু ও পাথর উত্তোলন বন্ধে ১৫ হাজার ৯০০ ঘনফুট পাথর ও ৭ হাজার ৩০০ ঘনফুট বালু জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ৩০৫ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে।
সীমান্ত পাহারার পাশাপাশি বিজিবির মানবিক কর্মকাণ্ডের কথা উল্লেখ করে লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বিজিবি। সেই সাথে সীমান্তবর্তী এলাকার তরুণদের স্বাবলম্বী করতে বিজিবির উদ্যোগে সিলেট সেক্টরের আওতায় কারিগরি প্রশিক্ষণ কর্মসূচি চলমান রয়েছে।
সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট ব্যাটালিয়নের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
