জগন্নাথপুরে মাছের পোনা অবমুক্ত করলেন এমপি কয়ছর আহমেদ
সুনামগঞ্জের জগন্নাথপুরে ২০২৬-২০২৭ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। সোমবার দুপুরে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন।
উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয়, প্লাবনভূমি ও বর্ষা-প্লাবিত ধানক্ষেতে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই পোনা অবমুক্ত করা হয়। এবারের কর্মসূচিতে উপজেলার ৫টি সরকারি প্রতিষ্ঠান, ১টি বেসরকারি প্রতিষ্ঠান, ২টি এতিমখানা ও ১২টি ধর্মীয় প্রতিষ্ঠানে (মসজিদ) সর্বমোট ২২০ কেজি বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।
পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হোরায়রা সাদ মাস্টার, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য এম এ মুকিত ও অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহীন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. লুৎফুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট জামাল উদ্দিন ও আব্দুস সোবহান, উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মতিউর রহমান প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
