শাল্লায় পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে বিতর্ক
সুনামগঞ্জের শাল্লায় ২০২৬-২৭ অর্থবছরের মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর নাম থাকলেও তিনি অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এমপি নাছির উদ্দিন চৌধুরী বর্তমানে উন্নত চিকিৎসার জন্য বিদেশে অবস্থান করছেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) উপজেলার মুক্তারপুর ঘাটে পোনা অবমুক্তকরণ কর্মসূচিটি আয়োজিত হয়। অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সন্দীপন মজুমদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতি দেখা গেলেও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট অংশীজনদের সাথে সমন্বয়হীনতার অভিযোগ উঠেছে।
স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ অভিযোগ করেছেন, এত বড় একটি সরকারি কর্মসূচির বিষয়ে তাদের আগে থেকে কোনো প্রকার অবহিত করা হয়নি। এ বিষয়ে তাদের কোনো সম্পৃক্ততা না থাকায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিয়াস চন্দ্র দাস ঘটনাস্থলে পৌঁছালে কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই পোনা অবমুক্ত করা হয়।
এদিকে, সরকারি পোনা বিতরণের স্বচ্ছতা নিয়েও উঠেছে নানা প্রশ্ন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক মৎস্যচাষী অভিযোগ করেন, প্রকৃত অনেক খামারি পোনা পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন। অভিযোগ রয়েছে, তালিকায় অনিয়ম করে একজন সুবিধাভোগীকে একাধিকবার পোনা দেওয়া হয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সন্দীপন মজুমদার কোনো মন্তব্য করতে রাজি হননি।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে সমালোচনার ঝড় উঠেছে। জনপ্রতিনিধি বা প্রধান অতিথি বিদেশে চিকিৎসাধীন থাকা সত্ত্বেও কেন আগে থেকে সমন্বয় করা হয়নি এবং পোনা বিতরণের তালিকায় প্রকৃত সুবিধাভোগীদের স্বচ্ছতা নিশ্চিত করা হয়নি— তা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহল। পোনা বিতরণের প্রকৃত তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
