মৌলভীবাজারকে মাদকমুক্ত মডেল জেলা হিসেবে গড়ে তোলা হবে
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি বলেছেন, সীমান্ত দিয়ে আসা মাদক চোরাচালান বন্ধে ইতোমধ্যে টাস্কফোর্স গঠন করা হয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় মৌলভীবাজার জেলাকে মাদক ও সন্ত্রাসমুক্ত একটি মডেল জেলা হিসেবে গড়ে তোলা হবে।
রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে ‘আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় বিষয়ক’ প্রথম সভায় যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ‘জনগণকে সাথে নিয়ে সব ধরনের নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতা মোকাবিলা করবে বিএনপি।’
মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দীন মিটু, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী, পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম এবং জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ুনসহ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে বিশদ আলোচনা করা হয়। এ সময় মন্ত্রী প্রতিটি দপ্তরকে জনগণের সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান।
