গোয়াইনঘাটে ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ২১৮ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মদসহ মো. হারুন সিকদার (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ভোরে গোয়াইনঘাট থানাধীন পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের পুকাশ দিঘীরপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মোড়লের নির্দেশনায় সেকেন্ড অফিসার তানভীর ফায়াজ উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। ভোর ৫টা ২০ মিনিটের দিকে পুকাশ এলাকায় জালাল মুহরীর বাড়ির সামনে ইটসলিং রাস্তার ওপর একটি পিকআপ ভ্যান থামিয়ে তল্লাশি চালানো হয়। এসময় পিকআপটিতে তল্লাশি চালিয়ে ২১৮ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মো. হারুন সিকদার উপজেলার ১১ নম্বর মধ্য জাফলং ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে। অভিযানে এএসআই প্রদীপ কুমার দাসসহ থানার পুলিশ সদস্যরা অংশ নেন।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মোড়ল বলেন, মাদকমুক্ত থানা গড়তে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা (নং-২৫, তারিখ-২৭/০৯/২০২৬) দায়ের করা হয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

