সুনামগঞ্জে আইসক্রিম তৈরিহ ফ্যাক্টরি সিলগালা ও ৩ জনকে কারাদণ্ড
সুনামগঞ্জ শহরে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন এবং খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে একটি আইসক্রিম ফ্যাক্টরিকে জরিমানা ও তিন ব্যক্তিকে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) শহরের পশ্চিম বাজার এলাকায় ‘বুবলী আইসক্রিম ফ্যাক্টরি’তে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাকিবুর রহমান। তাকে সহযোগিতা করেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা মোহাম্মদ শরিফ উদ্দিন ও কমলেন্দু তালুকদার, সহকারী কমিশনার বিশ্বাস শাহরিয়া ইসলাম এবং সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি দল।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বুবলী আইসক্রিম ফ্যাক্টরিতে উৎপাদন কার্যক্রমে মারাত্মক অনিয়ম ও নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়। এর দায়ে ফ্যাক্টরির দুই কর্মচারী জালাল উদ্দিন ও ছাদিকুর রহমানকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া প্রতিষ্ঠানের ম্যানেজার ছালিম উদ্দিনকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় তাকেও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়। একইসঙ্গে অস্বাস্থ্যকর পরিবেশের কারণে ফ্যাক্টরিটির উৎপাদন কার্যক্রম বন্ধের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
একইদিন শহরের বিভিন্ন স্থানে পরিচালিত অপর এক অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখার দায়ে ‘নিলাদ্রী রেস্টুরেন্ট’-কে দুই হাজার টাকা এবং ‘হাজী বিরিয়ানি’ হাউজকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান শেষে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তারা জানান, ওয়ান টাইম বা সিঙ্গেল ইউজ প্লাস্টিক কাপে গরম চা, দুধ বা খাবার পরিবেশন মানবদেহের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও ক্ষতিকর। জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য ব্যবসায়ীদের কড়া নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় পরবর্তীতে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়।
