দেশে নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ
দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাস সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি। রোববার দুপুরে জেলা বিএনপির আয়োজনে শহরের পুরাতন বাসস্টেশন এলাকা থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ট্রাফিক পয়েন্টে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন মিলনের সভাপতিত্বে এবং সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা।
সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরী, সদস্য সচিব অ্যাডভোকেট মো. আব্দুল হক, নাদীর আহমদ, রেজাউল হক, মো. আনিসুল হক, আ ত ম মিছবাহ, আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট শেরেনুর আলী, অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহীন, সদর উপজেলা আহ্বায়ক ফারুক আহমদ লিলু ও পৌর বিএনপির আহ্বায়ক সাইফুল্লাহ হাসান জুনেদসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
এছাড়াও জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিলে অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, ‘বিএনপি একটি উদার গণতান্ত্রিক দল। জনগণের বিপুল ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার পর দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে তিনি কৃষকদের জন্য কৃষক কার্ড, অস্বচ্ছল মহিলাদের জন্য ভাতা কার্ড ও খাল খননের মাধ্যমে কৃষিজমি চাষাবাদের যুগান্তকারী পরিকল্পনা গ্রহণ করেছেন।’
নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে আরও বলেন, ‘পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট সরকারের দোসররা দেশের উন্নয়ন ও স্থিতিশীলতা নষ্ট করতে নতুন করে ষড়যন্ত্র করছে। তাদেরকে যেখানেই পাওয়া যাবে, ধরে পুলিশের হাতে সোপর্দ করতে হবে।’
নেতাকর্মীদের উদ্দেশ্যে তারা বলেন, ‘সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তৃণমূল মানুষের কাছে পৌঁছে দিতে হবে। কোনো অপশক্তি যেন দেশের শান্তিশৃঙ্খলা নষ্ট করতে না পারে, সেজন্য নেতাকর্মীদের রাজপথে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে।’
