বড়লেখায় গৃহবধূ মুন্নি হত্যায় প্রধান আসামির ১ দিনের রিমান্ড মঞ্জুর
মৌলভীবাজারের বড়লেখায় চাঞ্চল্যকর গৃহবধূ মরিয়ম আক্তার মুন্নি (২৩) হত্যা মামলার প্রধান আসামি ছামেলী আক্তারের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার দুপুরে বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ জিয়াউল হক এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, মামলার অধিকতর তদন্তের প্রয়োজনে তদন্ত কর্মকর্তা ও বড়লেখা থানার এসআই আব্দুল করিম আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক আসামির একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, নিহত মরিয়ম আক্তার মুন্নি উপজেলার মুড়িরগুল এলাকার বাসিন্দা ছিলেন। গত ২১ আগস্ট স্বামীর বাড়িতে তার রহস্যজনক মৃত্যু হয়। শুরুতে এটিকে আত্মহত্যা হিসেবে প্রচার করা হলেও ঘটনার ১৫ দিন পর, ৫ সেপ্টেম্বর নিহত মুন্নির মা রেনু বেগম বাদী হয়ে ননদ ছামেলী আক্তারকে প্রধান আসামি করে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫-৬ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার প্রেক্ষিতে গত ১৮ সেপ্টেম্বর ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানার বছিলা এলাকা থেকে মামলার তদন্তকারী কর্মকর্তার নেতৃত্বে ছামেলীকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জিআরও সেবা বেগম রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রিমান্ড মঞ্জুরের পর তদন্ত কর্মকর্তা আসামিকে থানা হেফাজতে নিয়ে গেছেন। মামলাটির তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।
