শাল্লায় সন্ত্রাসবিরোধী মামলায় ৭ জন গ্রেফতার
সুনামগঞ্জের শাল্লায় বিশেষ অভিযান পরিচালনা করে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় ৭ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার পুলিশ সদর দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে চারজন প্রাপ্তবয়স্ক ও তিনজন আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশু (কিশোর)।
পুলিশের প্রেস রিলিজ সূত্রে জানা যায়, সুনামগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (দিরাই সার্কেল)-এর তত্ত্বাবধানে শাল্লা থানা পুলিশের একটি বিশেষ আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালায়। সন্ত্রাসবিরোধী আইনে রুজুকৃত মামলার এজাহারভুক্ত আসামি হওয়ায় তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন প্রাপ্তবয়স্ক আসামিদের মধ্যে ডুমরা গ্রামের দীগেন্দ্র দাসের ছেলে দীপ্ত দাস (১৯), রন্টু সরকারের ছেলে অনিক সরকার (১৯), সংগ্রাম কুমার দাসের ছেলে সৌমিত্র দাস (১৯) এবং অনাদি তালুকদারের ছেলে বর্ষণ তালুকদার (১৯)।
এছাড়া আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশুদের মধ্যে রয়েছে—ডুমরা গ্রামের বাবুল চন্দ্র দাসের ছেলে দেব দাস প্রকাশ রুপম কান্তি দাস (১৬), আনন্দপুর গ্রামের নিশি মাস্য দাসের ছেলে ইমন মাস্য দাস (১৬) এবং ডুমরা গ্রামের বাদল সরকারের ছেলে অভি সরকার (১৬)।
শাল্লা থানা পুলিশ জানায়, স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশুদের ক্ষেত্রে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
