বড়লেখায় রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুলে বৃক্ষরোপণ ও চারা বিতরণ
বাংলাদেশ সরকারের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারের বড়লেখায় রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বড়লেখা পৌরসভার উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম। তিনি শিক্ষার্থীদের পরিবেশ রক্ষায় বৃক্ষের গুরুত্ব তুলে ধরে বলেন, শুধু গাছ রোপণ করাই যথেষ্ট নয়, চারাগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ করাও আমাদের দায়িত্ব। একজন শিক্ষার্থীর রোপণ করা চারা যখন তার পরিচর্যায় বড় হয়, তখন প্রকৃতির প্রতি তাদের মমত্ববোধ ও দায়িত্বশীলতা আরও বৃদ্ধি পায়।
তিনি শিক্ষার্থীদের বাড়ির আঙিনা ও আশপাশের খালি জায়গায় গাছ লাগানোর আহ্বান জানান। ছোটবেলা থেকেই পরিবেশ সচেতন হিসেবে গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের উদ্যোগকে তিনি সাধুবাদ জানান।
বড়লেখা পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়ার সভাপতিত্বে কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, অভিভাবক সদস্য রাহেনা বেগম, আবু হানিফ, উজ্জ্বল ঘোষ, মিজানুর রহমান, অজিত কুমার দাসসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় পরিকল্পিত বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের এ কর্মসূচিতে সম্পৃক্ত করার মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে সামাজিক দায়বদ্ধতা ও পরিবেশগত সচেতনতা তৈরি করা সম্ভব।
উল্লেখ্য, সরকার ২০২৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণের বিশাল কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বাড়াতে বড়লেখা পৌরসভা এলাকায় এই বিশেষ কার্যক্রম পরিচালিত হচ্ছে। শেষে অতিথিরা বিদ্যালয়ের প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন এবং শিক্ষার্থীদের হাতে চারার প্যাকেট তুলে দেন।
