জেলা পর্যায়ে ‘গুণী শিক্ষক’ নির্বাচিত হলেন শাল্লার সীমান্ত তালুকদার
সুনামগঞ্জের শাল্লা উপজেলার সহকারী শিক্ষক সীমান্ত তালুকদার জেলা পর্যায়ে ‘গুণী শিক্ষক’ হিসেবে মনোনীত হয়েছেন। প্রাথমিক শিক্ষায় অসামান্য অবদান ও নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সম্মানে ভূষিত করা হয়েছে। এর আগে তিনি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছিলেন।
গত ২১ সেপ্টেম্বর সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে প্রকাশিত এক চিঠির মাধ্যমে সীমান্ত তালুকদারকে জেলা পর্যায়ে ‘গুণী শিক্ষক’ হিসেবে মনোনীত করার বিষয়টি নিশ্চিত করা হয়। সুনামগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে আসা তালিকা যাচাই-বাছাই শেষে মোট ৩৩ জন শিক্ষককে এই মর্যাদাপূর্ণ স্বীকৃতির জন্য মনোনীত করা হয়েছে।
সীমান্ত তালুকদার শাল্লা উপজেলার শান্তিপুর ইসলামিয়া মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন নিবেদিতপ্রাণ সহকারী শিক্ষক। ধারাবাহিকভাবে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্বের পর জেলা পর্যায়ে এই সম্মান অর্জন করায় তাঁর কর্মস্থলে, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় মহলে আনন্দের বন্যা বইছে।
নিজের এই অর্জন প্রসঙ্গে সীমান্ত তালুকদার বলেন, ‘এই স্বীকৃতি আমার জন্য যেমন আনন্দের, তেমনি আগামী দিনের কাজের জন্য বড় অনুপ্রেরণা। এই সম্মাননা শুধু আমার একার নয়, এর পেছনে আমার পরিবার, সহকর্মী ও শাল্লাবাসীর ভালোবাসা ও সহযোগিতা জড়িয়ে আছে। আমি ভবিষ্যতেও সততা ও নিষ্ঠার সাথে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে কাজ করে যেতে চাই।’
তাঁর এই সাফল্যে এলাকাবাসী এবং সহকর্মী শিক্ষকরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন। সবাই আশা প্রকাশ করছেন, সীমান্ত তালুকদারের এই স্বীকৃতি আগামী দিনে শিক্ষা ক্ষেত্রে আরও ভালো কাজ করতে অন্যান্য শিক্ষকদের অনুপ্রাণিত করবে।
